দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা ঘটেছে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এই অতর্কিত হামলা চালায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।
রোববার (২৪ মে) দুপুর সকাল ১১টার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন জেলা জজ আদালত চত্বরে এই ঘটনা ঘটে। এই হামলায় লিয়াকত আলীর চাচাতো ভাই মঈন উদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার হাজিরা দিতে আজ আদালতে এসেছিলেন বিএনপি নেতা লিয়াকত আলীসহ অন্য আসামিরা। হাজিরা শেষে আদালত ভবন থেকে বের হয়ে আসতেই একটি মাইক্রোবাসে করে এসে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা লিয়াকত আলীকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মঈন উদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, লিয়াকত আলীকে লক্ষ্য করে এটিই প্রথম হামলা নয়। এর আগেও গত বছরের ৬ অক্টোবর কক্সবাজারের আলোচিত এই বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল দুর্বৃত্তরা।
আদালত চত্বরের মতো একটি গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন গুলিবর্ষণের ঘটনায় সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।
/অ